আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশের একটি মার্কিন সেনা ঘাঁটিতে আজ হামলা হয়েছে। তালেবানরা এ হামলা চালিয়েছে বলে তারা দাবি করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ন্যাটো কর্মকর্তা জানান, ভয়াবহ রকেট হামলায় ঘাঁটির ছয়টি সামরিক যান, একটি অ্যাম্বুলেন্স ও একটি তেল ট্যাঙ্কার উড়ে যায়। তবে, কেউ হতাহত হয়নি বলে দাবি করেছে ন্যাটো বাহিনী।পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন তিনি।এ দিকে, তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, হামলায় বহু বিদেশি সেনা হতাহত হয়েছে এবং একটি হেলিকপ্টার ও একটি গোলাবারুদের ডিপো ধ্বংস হয়েছে।সম্প্রতি, তালেবানদের বিরুদ্ধে মার্কিন বাহিনীর অভিযান জোরদার হওয়ার প্রেক্ষাপটে আফগান তালেবানরাও বিদেশি সেনাদের বিরুদ্ধে হামলা জোরদার করেছে। চলতি সপ্তাহে আফগানিস্তানে অন্তত ১১ জন বিদেশি সেনা নিহত হয়েছে। আফগানিস্তানে মোতায়েন বিদেশি সেনাদের জন্য চলতি ২০১০ সালই সবচেয়ে রক্তক্ষয়ী বছর। গত সাড়ে দশ মাসে সেখানে মারা গেছে ৬৪০ জনের বেশি বিদেশি সেনা।গত বছর নিহত হয়েছিল ৫২১ জন। এদিকে, আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের একটি টেলি যোগাযোগ টাওয়ারে বন্দুকযুদ্ধের ঘটনায় নয় জন নিরাপত্তা রক্ষী ও সাত জন তালেবান নিহত হয়েছে।প্রদেশের পুলিশ প্রধান জানিয়েছেন, আজ সকালে তালেবানরা একটি টেলিফোন অ্যান্টেনা গার্ডিং পোস্টে হামলা চালায়। এ সময় সেখানে প্রহরারত নিরাপত্তা রক্ষীরা প্রতিরোধ করলে উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। বন্দুকযুদ্ধের এক পর্যায়ে পুলিশের অতিরিক্ত সদস্য ঘটনাস্থলে পাঠালে একজন পুলিশও নিহত হয় বলে তিনি জানিয়েছেন। তালেবানরা তাদের নিয়ন্ত্রিত এলাকায় রাতের বেলা মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার পর থেকে তারা টেলিফোন অ্যান্টেনায় হামলা শুরু করেছে। কুন্দুজ প্রদেশের একটি দুরবর্তী শহরের বাজারে এক বোমা বিস্ফোরণে তিন শিশুসহ ১০ জন নিহত হওয়ার একদিন পর ওই প্রদেশেই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটলো। #
১৪ নভেম্বর ২০১০ - ২০:৩০
News ID: 213306
রেডিও তেহরানের বরাত দিয়ে আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশের একটি মার্কিন সেনা ঘাঁটিতে আজ হামলা হয়েছে।